বরগুনার আমতলীতে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় মহাসড়কে তিনটি ককটেল বিস্ফোরণ ও একটি বাস ভাঙচুর করেন তারা। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে আমতলী উপজেলার শাখারিয়া বাজার-সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ ঘটনা ঘটে। আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নভেম্বর ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে হঠাৎ আমতলীর শাখারিয়া নামক এলাকার বরিশাল কুয়াকাটা মহাসড়কে একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুরের ঘটনা ঘটে।
ওসি মো. ইয়াকুব হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে বরগুনা মাছ বাজারের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটায় বাজারে উপস্থিত ক্রেতা-বিক্রেতাদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তবে তার আগেই পিছু হটে হামলাকারীরা।
আই/এ