বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চার কর্মকর্তা ও এক কর্মচারীকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে গেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টার পর এই পাঁচজনকে আটক করে প্রক্টরের কার্যালয়ে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহযোগী অধ্যাপক মেহেদি হাসান সোহাগ।
এ পাঁচ কর্মকর্তা হলেন- বিশ্ববিদ্যালয়ের অর্থ দফতরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, উপ-পরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দফতরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাচান, অর্থ দফতরের সহকারী পরিচালক মোজাম্মেল হক এবং রেজিস্ট্রার দফতরের অফিস সহায়ক আরিফ হোসেন।
ওই কর্মকর্তারা জানান, কর্মস্থল থেকে তাদের মারধর করে প্রক্টর অফিসে আটকে রাখা হয়। এ সময় কয়েকজন কর্মকর্তার চশমা ভেঙে যায় এবং কারও কারও শার্ট ছিঁড়ে যায়।
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ফ্যাসিস্টের যেসব দোসর রয়েছে, তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। গতকাল গোপালগঞ্জে তারা থানা জ্বালিয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ে যারা ফ্যাসিস্টের দোসর রয়েছে, তারাও নানা ধরনের তৎপরতা চালাচ্ছে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে এসব হতে দেবো না।
শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, তারেক রহমান আপনাদের একসঙ্গে কাজ করার সুযোগ দিয়েছেন। আপনারা সেই সুযোগ লুফে নেননি, বরং বেছে নিয়েছেন সন্ত্রাসী কর্মকাণ্ডকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনোভাবেই এসব মেনে নেবে না।
এ ঘটনার পর ছাত্রদলের নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।
বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি সনজিৎ চন্দ্র নাথ বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৪ কর্মকর্তাকে থানায় সোপর্দ করেছে। তারা অভিযোগ দিলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
আই/এ