বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে রাজধানীর ভাটারার একটি বাসা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মুফতি রুহুল আমিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মুফতি রুহুল আমিন। ওই বছরের ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুসারীদের নিয়ে উপস্থিত হলে খুতবা চলাকালে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন এবং মসজিদের জানালা-দরজার ক্ষতি হয়। এ ঘটনায় পল্টন থানায় একটি মামলা করা হয়।
ওই ঘটনার দুই দিন পর ২২ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব থেকে অপসারণ করা হয়।
ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে আগের মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হচ্ছে।
এমজে/এ