চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় জেলা পুলিশ লাইনসের সামনে সড়কে রাখা পুলিশের একটি পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। নকল চাবি ব্যবহার করে গাড়ি চুরির ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বেলা পৌনে তিনটার দিকে ছোটপুল এলাকায় এ ঘটনা ঘটে। সিএমপির সহকারী পুলিশ কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিসিটিভির ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি নকল চাবি ব্যবহার করে গাড়িটি নিয়ে গেছেন। গাড়িটি উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্তেরও চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, একটি পুরোনো পিকআপ ভ্যান নিয়ে পুলিশ সদস্যরা টহলে বের হয়েছিলেন। গাড়িতে তিন পুলিশ সদস্য ছিলেন। দুপুরে গাড়িটি জেলা পুলিশ লাইনসের সামনের সড়কে রেখে তাঁরা পাশের একটি রেস্তোরাঁয় খেতে যান। ফিরে এসে দেখেন, গাড়িটি নেই।
আই/এ