ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অবরুদ্ধ, ক্যাম্পাসে উত্তেজনা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাস্তবায়ন করে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো আন্দোলন চলছে। আন্দোলনকারীরা উপাচার্যের (ভিসি) দপ্তর ঘেরাও করে অবস্থান নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেন।

সোমবার (১৬ নভেম্বর) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। সকালে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ক্যাম্পাসে এলে তাকে অবরুদ্ধ করেন আন্দোলনকারীরা ।বিকেল ৩টার দিকে প্রধান ফটক বন্ধ করে পুরো ক্যাম্পাস লকডাউন ঘোষণা করেন তারা।  এ প্রতিবেদন লেখার সময় উপাচার্য অবরুদ্ধ ছিলেন।

আন্দোলনকারীদের অভিযোগ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে চাকরিতে পুনর্বহালের নির্দেশনা পেলেও তারা এখনো প্রাপ্য জ্যেষ্ঠতা, পদোন্নতি ও আর্থিক সুবিধা পাচ্ছেন না। ২০২৫ সালের ২৭ মে দেওয়া রায়ে চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করে তাদের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। একই প্রতিষ্ঠানে দুই ধরনের বেতননীতি চলতে পারে না উল্লেখ করে বিদ্যমান পে-স্কেলে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান তারা।

অধিকারবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির আহ্বায়ক নাজিম উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা সরবরাহ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মিয়া হোসেন রানা। মো. আকরাম হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আফজাল হোসেন, অতিরিক্ত কলেজ পরিদর্শক মো. অহিদুজ্জামান নান্নু, ডেপুটি রেজিস্ট্রার হেলাল উদ্দিন, তৌফিক আজিজ চৌধুরী জিয়া, মো. খুরশিদ আলম, মো. আমির হোসেন ও সহকারী পরিচালক মো. সাহাবুদ্দিন।

উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ গণমাধ্যমকে জানান, ‘যাঁরা আন্দোলন করছেন, তাঁদের বিষয়টি আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। এখানে আমার কী করার আছে? তাঁরা অন্যায়ভাবে আমাকে অবরুদ্ধ করে রেখেছেন।

উল্লেখ্য, ২০০৩ ও ২০০৪ সালে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীকে ২০১২ সালে চাকরিচ্যুত করা হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ তাদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন। তবে রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার অভিযোগে ১৫ নভেম্বর থেকে আন্দোলনে নেমেছেন তারা।

এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #জাতীয় বিশ্ববিদ্যালয়