দেশজুড়ে

অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি,কারখানাকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

পরিচ্ছন্নতা ও খাদ্য নিরাপত্তার ন্যূনতম শর্ত না মেনেই সিরাজগঞ্জে উৎপাদন করা হচ্ছিল চিপস। পণ্যের প্যাকেটেও ছিল না উৎপাদন ও মেয়াদ শেষ হওয়ার তারিখ। এমন নানা অনিয়মের প্রমাণ পেয়ে একটি চিপস কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর এলাকায় অবস্থিত মেসার্স খান ফুডস প্রোডাক্টসে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক মো. ইমন খানকে জরিমানা করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে দেখা যায়, কারখানার উৎপাদন পরিবেশ খাদ্য তৈরির উপযোগী নয়। এছাড়া বাজারজাত করা চিপসের প্যাকেটে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং বিএসটিআইয়ের মোড়ক লাইসেন্সের তথ্য উল্লেখ করা হয়নি। তবে কারখানায় ক্ষতিকর কোনো রঙের ব্যবহার পাওয়া যায়নি।

এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

পাশপাশি কারখানাটির উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন আনার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যসম্মত উপায়ে চিপস তৈরির পাশাপাশি শুকানোর কাজে আধুনিক ড্রায়ার মেশিন ব্যবহারের পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা। প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন ও উৎপাদন পরিবেশ নিরাপদ না করা পর্যন্ত কারখানাটির কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #চিপস #সিরাজগঞ্জ