সিরাজগঞ্জে রেললাইন ও মহাসড়কে অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (০৯ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থানে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে যমুনা সেতুর পশ্চিমপাড়ে সদর উপজেলার মুলিবাড়ি এলাকায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (১০ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি বায়ান্ন টিভিকে নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান।
তিনি বলেন, সোমবার রাতের ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে নাশকতার মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাতে সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি এলাকায় রেললাইনে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে আগুন দেওয়ার সময় কয়েকজনকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’স্লোগান দিতে শোনা যায়। তাঁদের দেশব্যাপী ধর্মঘট সফল করার আহ্বান জানাতেও শোনা যায়।
ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও সদর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। এতে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন (২২), সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আশিক হোসেন (৩৯) ও ইমরুল কায়েস (১৯)। সাদ্দাম সদর উপজেলার দিয়ার ধানগড়া (সর্দারপাড়া) এলাকার বাসিন্দা। আশিকের বাড়ি সয়দাবাদ মধ্যপাড়ায় এবং ইমরুল কড্ডা কৃষ্ণপুর এলাকার বাসিন্দা।
এদিকে, একই রাতে জেলার অন্য এলাকাতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে কামারখন্দ উপজেলার হাটিকুমরুল মোড় ও উল্লাপাড়া এলাকায় মহাসড়কে আগুন দেওয়ার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এমজে/এ