সিরাজগঞ্জের রায়গঞ্জের একটি মৎস্য আড়ত থেকে প্রায় ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। জব্দকৃত মাছের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৮ হাজার টাকা। অভিযান শেষে মাছগুলো নষ্ট না করে উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সলঙ্গা ইউনিয়নের কুতুবের চর মৎস্য আড়তে এ অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবিরের নেতৃত্বে অভিযানে মৎস্য বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, আড়তে বিপুল পরিমাণ পিরানহা মাছ বিক্রির উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছিল। ময়মনসিংহ থেকে এই আড়তে মাছগুলো সরবরাহ করা হয়েছে বলে জানা গেছে।
তবে নিষিদ্ধ মাছের মালিককে সেখানে পাওয়া যায়নি। মাছগুলোর দেখভালের দায়িত্বে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, পিরানহা দেশীয় জলজ পরিবেশের জন্য বিপজ্জনক। এ মাছ জলাশয়ে ছড়িয়ে পড়লে দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার ও জীববৈচিত্র্যের ওপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাই দেশে এ মাছের চাষ ও কেনাবেচা নিষিদ্ধ করা হয়েছে।
নিষিদ্ধ পিরানহা মাছের অবৈধ মজুত ও বেচাকেনা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
এমএ//