দেশজুড়ে

সীমান্তের ৫ স্থানে বিজিবির সতর্কতামূলক গুলি, গ্রেপ্তার ৮

অজ্ঞাত ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে সাতক্ষীরা সীমান্তে পাঁচটি স্থানে সতর্কতামূলক গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে মানব পাচারের সঙ্গে জড়িত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ নভেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তের পাঁচটি স্থানে অজ্ঞাত ব্যক্তিদের গতিবিধি দেখতে পেয়ে কয়েক রাউন্ড সতর্কতামূলক গুলিবর্ষণ করে। এরপর টহল দল ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে মানব পাচারের সঙ্গে জড়িত আটজনকে গ্রেপ্তার করে।

সীমান্ত দিয়ে অবৈধ গমনাগমন ও অনুপ্রবেশ ঠেকাতে দিন-রাত মোবাইল পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে। সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধিও সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখা হয়েছে।

সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে থার্মাল ড্রোন, নাইট ভিশন বাইনোকুলার, সিসি ক্যামেরা ও সার্চলাইট ব্যবহার করা হচ্ছে বলে জানায় বিজিবি। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি কার্যক্রমও জোরদার করা হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বিজিবি