পঞ্চগড়ে ৫ দিন ধরে অষ্টম শ্রেণির শিক্ষার্থী শেখ সিয়াম নিখোঁজের ঘটনায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবীতে মানববন্ধন করেছে সহপাঠী ও এলাকাবাসী। এসময় মহাসড়কে আগুন জ্বালিয়ে দুই ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করেন তারা। এসময় মহাসড়কের দুইপাশে কয়েকশ যানবাহন আটকে পড়ে।
সোমবার(১৬ নভেম্বর) দুপুরে বোদা বাসস্ট্যান্ড এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো রুবেল ইসলাম, বোদা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, বোদা পৌরসভার সাবেক কাউন্সিলর খাদেমুল ইসলাম, সিয়ামের বাবা মো. সল্লু ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র সিয়াম গত ১২ তারিখ সন্ধ্যায় কোচিং সেন্টার থেকে ফেরার পথে নিখোঁজ হন। এরপর থেকে বাড়ি ফেরেনি সে। দীর্ঘ ৫দিন পেরিয়ে গেছে, কিন্তু তার সন্ধান পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘোরার পরও দৃশ্যমান কোন পদক্ষেপ চোখে না পড়ায় তারা হতাশ। সাধারন মানুষ ও তাদের সন্তানদের নিরাপত্তা আসলে কে দেবে, এমন প্রশ্ন রাখেন রাখেন তারা। দ্রুত সময়ের মধ্যে সিয়ামের সন্ধানে সন্তোষজনক পদক্ষেপ নেওয়া না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
মানববন্ধনে সিয়ামের শিক্ষক-সহপাঠী, এলাকাবাসী ও সাধারন মানুষ সহ প্রায় ৫ শতাধিক মানুষ অংশ নেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, চার দিন আগে ওই শিশুর পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে থানায়। আমাদের থানা পুলিশের সাথে ডিবি পুলিশের একটি দল কাজ করছে। তবে ছেলেটি ফোন ব্যবহার না করায় উদ্ধার কাজ কিছুটা বিলম্বিত হচ্ছে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি তাকে উদ্ধারের জন্য।
আই/এ