রাজধানী

রাজধানীতে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকায় গ্যাস বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে একটি ১০ তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, ফ্ল্যাটের গ্যাসের সংযোগ খোলা থাকায় ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। পরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। ইনস্টিটিউটের আবাসিক সার্জন (জরুরি বিভাগ) চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ পাঁচজন হলেন আরএস রহমান (দেড় বছর), সাবা (৩০), আবদুর রহমান (২৯), সানজিদা (২০) ও সামসুন নাহার (৫০)।

তিনি জানান, দগ্ধদের মধ্যে আরএস রহমানের শরীরের ৫৭ শতাংশ, সাবার ১০০ শতাংশ, আবদুর রহমানের ৬ শতাংশ, সানজিদার ৩৭ শতাংশ এবং সামসুন নাহারের ৪০ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া আবদুর রহমান, সানজিদা ও সামসুন নাহারের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #কাঁঠালবাগান