রাজধানী

পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়ীকে হত্যা

রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে কথা-কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী রাত্রি (২০) ও শাশুড়ি ফিরোজা বেগমকে (৩৫) হত্যার অভিযোগ উঠেছে মেয়ের জামাই শিপনের বিরুদ্ধে।

রোববার (২ আগস্ট) সকাল ৯টার দিকে কাঁঠালবাগান আল আমিন মসজিদের পাশের পাঁচতলা ভবনের একটি বাসায় এ ঘটনা ঘটে। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শিপনের সঙ্গে স্ত্রী রাত্রির কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে শাশুড়ি ফিরোজা বেগম মেয়ের পক্ষ নিলে ধারালো অস্ত্র দিয়ে শাশুড়ি এবং স্ত্রীকে আঘাত করেন অভিযুক্ত শিপন। এতে ঘটনাস্থলেই রাত্রি মারা যান। গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি ফজলে আশিক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে রাত্রির সঙ্গে শিপনের ডিভোর্স হয়ে গিয়েছিল, এরপরও তাঁরা একসঙ্গেই থাকতেন। অভিযুক্ত শিপন থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #পারিবারিক কলহ #হত্যা