এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের উদ্যমপুর দক্ষিণপাড়া গ্রামের রাকিবুল ইসলাম। তবে নিজের এমন সাফল্য উদযাপন করতে পারেননি তিনি। গত সেপ্টেম্বর মাসে হত্যাকাণ্ডের শিকার হন রাকিবুল।
শনিবার (৩১ অক্টোবর) রাকিবুলের বড় ভাই জহিরুল ইসলাম জীবন ছোট ভাইয়ের জিপিএ-৫ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমার ভাইয়ের স্বপ্ন ছিল ব্যারিস্টার হবে। পড়াশোনায় আমার ভাই খুবই মেধাবী ছিল। এসএসসিতেও জিপিএ-৫ পেয়েছিল। আমার ভাইকে নিয়ে স্বপ্ন দেখতাম। আজ এইচএসসির ফলাফল ঘোষণা হয়েছে। আমার ভাই জিপিএ-৫ পেয়েছে। কিন্তু আমার ভাই নাই।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৬ সেপ্টেম্বর ঢাকায় রাকিবকে হত্যার অভিযোগে আব্দুল্লাহ মামুনকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ রয়েছে, হত্যার পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে রাকিবকে জীবিত দেখিয়ে ভিডিও তৈরি করে পরিবারের কাছে পাঠানো হয় এবং মুক্তিপণ দাবি করা হয়। ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আশায় পরিবার চার লাখ টাকা দিলেও তাকে আর ফিরে পায়নি।
পরে নীলফামারীর ডিমলা থেকে রাকিবুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।
আই/এ