দেশজুড়ে

অসুস্থতার খবরে ঘরে ঢুকে মেয়ে দেখলেন বাবার রক্তাক্ত মরদেহ

বগুড়ার শজাহানপুরে টুলু মিয়া (৫৭) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ তার নিজ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামে ঘটনাটি ঘটে।  শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, টুলু মিয়া একাই বাড়িতে বসবাস করতেন। স্ত্রী জীবিকার প্রয়োজনে দেশের বাইরে শ্রমিকের কাজ করেন। গত কয়েকদিন ধরে পেটের ব্যথায় অসুস্থ থাকার খবর পেয়ে ছোট মেয়ে জুথি আজ সকালে বাবাকে দেখতে বাড়িতে আসেন। তিনি ঘরের ভেতরে ঢুকে বাবার গলাকাটা মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেন।

ওসি আশিক ইকবাল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এটি আত্মহত্যা নাকি হত্যা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। মামলার প্রক্রিয়া চলছে।

এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বগুড়া #গলাকাটা