দেশজুড়ে

টিকটকে কমেন্টের জেরে দফায় দফায় সংঘর্ষ

টিকটক ভিডিওতে নেতিবাচক কমেন্ট করায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই গোষ্ঠীর দুই তরুণের মধ্যে হাতাহাতির ঘটনা পর্বরতীতে রুপ নেয় দফায় দফায় সংঘর্ষে। এতে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছে। 

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল  টিকটকের ভিডিওতে কমেন্ট করাকে কেন্দ্র করে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের আবির হাটি ও নাগর বাড়ির দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।  এ সময় দুই তরুণের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে বিষয়টি মীমাংসার জন্য আজ সকালে আশুগঞ্জ বাজারে জারু মিয়ার গদিতে পুলিশ ও স্থানীয় নেতাদের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিরোধ মীমাংসা হলেও দুপুরের দিকে দুই পক্ষ বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আশুগঞ্জ বাজারের দোকানপাট সবকিছু বন্ধ হয়ে যায়। মুহূর্তেই বাজারের পরিবেশ পরিণত হয় রণক্ষেত্রে। পরে পুলিশ এসে কয়েক দফা চেষ্টা চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

ওসি আনিসুর রহমান জানান, টিকটকে কমেন্ট করা নিয়ে গতকাল দুই পক্ষের মধ্যে হাতাহাতির  ঘটনা ঘটেছিল। সেটির সমাধানে আজ সকালে পুলিশের উপস্থিতিতে আশুগঞ্জ বাজারে সালিশ বৈঠক হয় এবং বিষয়টি মীমাংসাও করা হয়। পরে সালিশ বৈঠক শেষে পুলিশ চলে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় আশুগঞ্জ বাজারে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #টিকটক #ব্রাহ্মণবাড়িয়া