দেশজুড়ে

এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, পাঁচ শিক্ষার্থী বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়ার এইচএসসি ও সমমানের পরীক্ষায় দায়িত্ব পালনকালে  নকল সরবরাহের সময় এক শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে আরও দুই শিক্ষকের দায়িত্ব স্থগিত করা হয়েছে এবং পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে আলিম বিভাগের ইসলামের ইতিহাস পরীক্ষা চলাকালে কসবা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দণ্ডপ্রাপ্ত শিক্ষক মো. মনির হোসেন ধরখার ইউনিয়নের রানীখার সৈয়দ ইমদাদুল বাড়ি গাউজিয়া আলিম মাদ্রাসার শিক্ষক। তিনি কেন্দ্রের বাইরে থেকে পরীক্ষার উত্তর লিখে এনে পরীক্ষার্থীদের কাছে সরবরাহের চেষ্টা করেন। সিসিটিভিতে বিষয়টি ধরা পড়লে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ব্যবস্থা নেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির জানান, পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের দায়ে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ১২ ধারায় মো. মনির হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযোগে আরও দুই শিক্ষককে দায়িত্ব থেকে সরিয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করে তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম জানান, পাবলিক পরীক্ষার সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ বজায় রাখতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্রাহ্মণবাড়িয়া #নকল