কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ভুয়া পরিচয়, নকল ছবি ও অনলাইন প্রতারণা ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। সাধারণ ব্যবহারকারীদের প্রকৃত পরিচয় শনাক্ত করার সুবিধার্থে বিনা মূল্যে যাচাইকৃত ব্যাজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য অর্থ খরচ করে কোনো সেবা কিনতে হবে না। তবে ব্যাজ পেতে ব্যবহারকারীদের নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে।
নতুন এই উদ্যোগের ফলে কোনো ফেসবুক অ্যাকাউন্ট বাস্তব ব্যক্তির নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ভুয়া পরিচয়ের, তা সহজে শনাক্ত করা যাবে। মেটার অর্থের বিনিময়ে দেওয়া ‘মেটা ভেরিফায়েড’ সেবার সঙ্গে এই সুবিধার পার্থক্য হলো, সাধারণ ব্যবহারকারীরা কোনো মূল্য ছাড়াই ব্যাজটি পাওয়ার সুযোগ পাবেন।
বিনা মূল্যে এই ব্যাজ পেতে ব্যবহারকারীকে নিজের একটি ভিডিও ধারণ করে জমা দিতে হবে। ভিডিওতে থাকা মুখমণ্ডলের সঙ্গে অ্যাকাউন্টের মূল ছবি ও অন্যান্য তথ্য মিলিয়ে পরিচয় যাচাই করবে ফেসবুক। এই প্রক্রিয়ায় সফলভাবে উত্তীর্ণ হলেই মিলবে যাচাইকৃত ব্যাজ।
তবে এই সুবিধা সব ব্যবহারকারীর জন্য প্রযোজ্য নয়। ব্যাজ পেতে আগ্রহীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে।
শর্তগুলো হলো—
-
বয়স: ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। এর কম বয়সীরা এই সুবিধার আওতায় পড়বেন না।
-
সক্রিয় অ্যাকাউন্ট: ফেসবুকের সম্প্রদায়গত নীতিমালা মেনে অ্যাকাউন্টটি সচল থাকতে হবে।
-
স্বচ্ছ পরিচয়: আগে প্রতারণা, ভুয়া পরিচয় ব্যবহার কিংবা সন্দেহজনক কর্মকাণ্ডের ইতিহাস থাকলে ব্যাজ পাওয়া যাবে না।
-
অ্যাকাউন্টের ধরন: ফেসবুক পেজ ও পেশাদার সুবিধা চালু থাকা অ্যাকাউন্টের ক্ষেত্রে বিনা মূল্যের এই ব্যাজ প্রযোজ্য হবে না।
-
পরিচয় যাচাই: মেটার ভিডিওভিত্তিক পরিচয় যাচাই প্রক্রিয়ায় সফল হতে হবে।
পরিচয় যাচাই সম্পন্ন হলে ব্যবহারকারীর মূল প্রোফাইলের পাশাপাশি ফেসবুকের বাজারসেবা, বিভিন্ন গোষ্ঠী এবং পরিচয়ভিত্তিক যোগাযোগের সেবাতেও ব্যাজটি দেখা যাবে।
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ব্যাজের মাধ্যমে মূলত ব্যবহারকারী একজন বাস্তব ব্যক্তি কি না, তা নিশ্চিত করা হবে। তবে ব্যাজ পাওয়া মানেই ওই ব্যক্তির সততা, বিশ্বাসযোগ্যতা কিংবা ব্যক্তিগত আচরণ সম্পর্কে নিশ্চয়তা দেওয়া নয়। তাই অনলাইনে আর্থিক লেনদেন, তথ্য আদান-প্রদান কিংবা ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বর্তমানে বিশ্বের নির্বাচিত কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এই সুবিধা চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য দেশের সাধারণ ব্যবহারকারীদের জন্যও বিনা মূল্যে পরিচয় যাচাইয়ের এই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে মেটার।
এসি//