দেশজুড়ে

১৪ বছর আগে বড় বোনকে ধর্ষণ, এবার ছড়িয়েছে ছোট বোনকে সংঘবদ্ধ ধর্ষণের ভিডিও

প্রায় ১৪ বছর আগে ধর্ষণের শিকার হন বাক্‌প্রতিবন্ধী বড় বোন। এ ঘটনায় এখনও পলাতক অভিযুক্তক। এর মধ্যেই ভুক্তভোগীর কিশোরী ছোট বোনকেও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। আবার ধর্ষণের ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়েছে অভিযুক্তরা।

চলতি বছর ২০ অক্টোবর নোয়াখালীর কবিরহাট উপজেলায় এ ঘটনা ঘটে। গত (২৩ নভেম্বর) কবিরহাট থানায় ভুক্তভোগীর বাবা ধর্ষণ মামলা দায়ের করেন। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বড়ুয়া আজ (২৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।

কিশোরীর বাবা জানান, ‌প্রায় এক মাস ধরে তিনি মেয়ের আচরণের পরিবর্তন লক্ষ্য করছিলেন। চলতি ২২ নভেম্বর মেয়েকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়েছে বলে বিভিন্নজনের মাধ্যমে জানতে পারেন। পরে তিনি মেয়ের কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন। এরপর এলাকার মানুষদের বিষয়টি জানিয়ে তিনি সহযোগিতা চান। পরে স্থানীয়রা অভিযুক্ত শিপনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, তার চার মেয়ে ও দুই ছেলে। বড় দুই মেয়েকে তিনি বিয়ে দিয়েছেন। বাকি দুই মেয়ের একজন (২৯) বাক্‌প্রতিবন্ধী। ২০১২ সালে রাজীব হোসেন নামের এক যুবক তার মেয়েকে ধর্ষণ করেন । বাক্‌প্রতিবন্ধী হওয়ায় তার মেয়ে তখন ঘটনাটি কাউকে জানাতে পারেননি। পরে অন্তঃসত্ত্বা হলে বিষয়টি জানাজানি হয়। সে ঘটনায় জন্ম নেওয়া ছেলেটির বয়স এখন প্রায় ১৩ বছর। ওই ঘটনায় দায়ের করা মামলায় গত বছরের ডিসেম্বরে রাজীবের যাবজ্জীবন সাজা হয়।

তিনি হতাশা প্রকাশ করে বলেন, আসামি বর্তমানে বিদেশে আছে বলে তিনি এক যুগের বেশি সময় ধরে মামলার খরচ চালাতে হয়েছে। এতে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। এখন আরেক মেয়ে ধর্ষণের শিকার হলো। সামনের দিনগুলোতে কীভাবে মামলা পরিচালনা করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

ওসি রোমেল বড়ুয়া বলেন, ‌গ্রেফতার শিপন আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায়  জবানবন্দি দিয়েছে। এ ছাড়া আদালতে ২২ ধারায় কিশোরীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। মামলার অপর দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি বলেন, আগের ঘটনার বিষয়ে তার জানা ছিল না। দ্বিতীয় ঘটনায় মামলা হওয়ার পর জেনেছেন। আগের ঘটনায় আসামির বিরুদ্ধে যদি সাজা পরোয়ানা থেকে থাকে এবং আসামি এলাকায় থাকে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বড় বোন #ছোট বোন #ধর্ষণ