দেশজুড়ে edit this post

অবৈধ বিদেশি সিগারেট বিক্রি দায়ে ১ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকার মৌসুমি সিনেমা হল মোড়ে অবস্থিত হাফিজুল স্টোরে অভিযান চালিয়ে অবৈধ ও অনুমোদনহীন বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট বিক্রির অপরাধে দোকানটির মালিক হাফিজ শেখকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকানটিতে তল্লাশি চালিয়ে গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জামও পাওয়া যায়।

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা স্যানিটারি ইন্সপেক্টর মনজুরুল ইসলাম, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা পর্যায়ের যুগ্ম সম্পাদক সোহেল রানা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অভিযানকালে হাফিজুল স্টোরে অবৈধ ও অনুমোদনহীন বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট বিক্রির বিষয়টি শনাক্ত করা হয়। এর পাশাপাশি দোকান থেকে গাঁজা ও পাওয়া গেছে বলে জানান সংশ্লিষ্টরা। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দোকান মালিক হাফিজ শেখকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

স্থানীয়রা, অবৈধ পণ্য বিক্রির বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত তদারকি ও আইন প্রয়োগের মাধ্যমে অবৈধ পণ্যের বাণিজ্য নিয়ন্ত্রণ করা সম্ভব।

সংশ্লিষ্টরা জানান, অবৈধ ও অনুমোদনহীন বিদেশি সিগারেটের বিক্রি ও বাজারজাতকরণ নিয়ন্ত্রণে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে ব্যাবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

 

এমজে/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ #সিগারেট #ভ্রাম্যমাণ আদালত