ভারতের পূর্ব দিল্লির প্রীত বিহারে সহকর্মীদের সঙ্গে আড্ডায় গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন ২২ বছর বয়সি এক নারী। এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আরও তিনজন পলাতক রয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। পূর্ব দিল্লির ডেপুটি কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
পুলিশ জানায়, ভুক্তভোগী নারীসহ অভিযুক্ত ছয়জন দিল্লির কারকর্দুমা আদালতের কাছের একটি শপিং মলের ক্যাফেতে পরিচারক ও ওয়েটার হিসেবে কাজ করতেন।
সোমবার রাতে ক্যাফে বন্ধ হওয়ার পর তারা একসঙ্গে আড্ডা দেওয়ার পরিকল্পনা করেন। প্রথমে মদ্যপানের পর সবাই মান্ডাওয়ালিতে এক সহকর্মীর বাসায় যান। সেখানেও তারা মদ্যপান করেন।
পরে রাত আড়াইটার দিকে তারা প্রীত বিহারের ক্যাফেতে ফিরে আসেন। এরপর তারা ক্যাফেতে প্রবেশ করে আবারও মদ্যপান করেন।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে ওই নারী এক পুরুষ বন্ধুর সঙ্গে ক্যাফে থেকে বের হন। বন্ধুটি তাকে নিতে সেখানে এসেছিলেন। পরে অন্য পুরুষরা নিজেদের বাড়ির উদ্দেশে চলে যান।
সকাল ৬টার দিকে ওই নারী তার বন্ধুকে সঙ্গে নিয়ে পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেন, আড্ডার সময় তার দুই পুরুষ সহকর্মী তাকে যৌন নিপীড়ন করেছেন এবং অন্যরা এতে সহযোগিতা করেছেন।
এ অভিযোগের ভিত্তিতে পুলিশ। গণধর্ষণ মামলা দায়ে করে।
এমএ//