পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামীলীগ কর্মীদের হামলায় উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য জিল্লুর রহমান গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ করেছে জামায়াতের নেতাকর্মীরা
বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের কালিনজিরা ব্রিজের ওপর এ হামলার ঘটনা ঘটে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে কয়েকজন আওয়ামী লীগ কর্মীর সঙ্গে জামায়াত নেতা জিল্লুর রহমানের ‘বেহেস্তের টিকিট’ নিয়ে কথার কাটাকাটি হয়। একপর্যায়ে জিল্লুর রহমান একজনকে থাপ্পড় মারেন। এর জের ধরে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে ভাঙ্গুড়ার কালিনজিরা ব্রিজে তার ওপর হামলা চালানো হয়।
হামলায় গুরুতর আহত জিল্লুর রহমানকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর করেন।
আহত জিল্লুর রহমান উপজেলার দাসমরিচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং একই গ্রামের নজির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।
এ ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর রাত ১০টার দিকে পাবনা-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আছগারের নেতৃত্বে দলীয় নেতাকর্মী ভাঙ্গুড়া থানা ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এসময় ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের আটক করার আল্টিমেটাম দেন তারা। বিক্ষোভ চলাকালে বক্তব্য দেন সংসদ সদস্য মোহাম্মদ আলী আছগার ও জামায়াত নেতা হাফিজ উদ্দিন বাহার।
ওসি সাকিউল আজম বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আই/এ