দেশজুড়ে

মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত

নিহত র‍্যাব সদস্য ইমন আচার্য

সিলেটে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় এক মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব ) এক সদস্য নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে  আসাদউল আলম বাপ্পীকে আটক করেছে পুলিশ। 

আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে নগরের কোতোয়ালি মডেল থানার পাশে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম।

তিনি বলেন, দুপুরে শহরের ক্বীন ব্রিজ এলাকায় কয়েকজন বসে মাদক সেবন ও বিক্রি করছিল। পুলিশ তাদের দেখামাত্র ধাওয়া করে। এসময় মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে র‍্যাব ৯ এর সদস্য ইমন মাদক ব্যবসায়ী বাপ্পীকে জাপটে ধরে ফেলেন। সঙ্গে সঙ্গে বাপ্পী র‌্যাব সদস্য ইমনকে বুকের বাম পাশে ছুরিকাঘাত করে।

তিনি আরও বলেন, ছুরিকাঘাতে আহত র‌্যাব সদস্যকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

পুলিশ জানিয়েছে, র‍্যাব সদস্যকে ছুরিকাঘাত করে বাপ্পি  পালানোর  সময় পুলিশ সদস্যরাও তাঁর পিছু নেন। এ সময় আসাদুল তোপখানা এলাকার একটি বাসায় ঢুকে পড়ে এক শিশুর গলায় চাকু ধরে ওই পরিবারের সদস্যদের জিম্মি করে পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ সদস্যরা কৌশলে তাঁকে আটক করে তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত চাকুটিও উদ্ধার করে।

 

আর/আই

 

এ সম্পর্কিত আরও পড়ুন #র‍্যাব