জাতীয়

বাংলাদেশে নারী ও শিশুর ওপর সহিংসতায় ইউনিসেফের উদ্বেগ

বায়ান্ন প্রতিবেদন

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে শিশু ও নারীদের ওপর ধর্ষণ, হত্যাসহ ভয়াবহ সহিংসতার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। সংস্থাটি বলছে, দেশে নারী ও শিশু নির্যাতনের পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা পুরো জাতিকে উদ্বেগ, ক্ষোভ ও আতঙ্কের মধ্যে ফেলেছে।

শনিবার (২৩ মে) দেয়া এক বিবৃতিতে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে শিশুদের ওপর ধর্ষণ, হত্যা ও নির্মম সহিংসতার ঘটনায় ইউনিসেফ গভীরভাবে মর্মাহত। বিশেষ করে রাজধানী ঢাকায় ছোট্ট শিশু রামিসার ধর্ষণ ও হত্যার ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে।

রানা ফ্লাওয়ার্স বলেন, যেসব জায়গায় শিশুদের সবচেয়ে নিরাপদ থাকার কথা, সেখানেই তারা ভয়াবহ বর্বরতার শিকার হচ্ছে। ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত নারী ও শিশুদের ওপর যৌন ও শারীরিক সহিংসতার যেসব তথ্য সামনে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এই পরিস্থিতিতে দেশব্যাপী শিশু সুরক্ষা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার করার তাগিদ দিয়েছে ইউনিসেফ।

বিবৃতিতে আরও বলা হয়, নির্যাতিত শিশু বা নারীর ছবি, ভিডিও কিংবা ব্যক্তিগত পরিচয় প্রকাশ করা তাদের ওপর পুনরায় মানসিক নির্যাতনের শামিল। যারা এসব ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার বা রি-শেয়ার করছেন, তারা অনিচ্ছাকৃতভাবে ভুক্তভোগী ও তাদের পরিবারের কষ্ট আরও বাড়িয়ে দিচ্ছেন।

সর্বসাধারণ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়ে ইউনিসেফ বলেছে, ভুক্তভোগীদের ছবি বা পরিচয় প্রকাশ বন্ধ করতে হবে। এর পরিবর্তে শিশু ও নারীদের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সবশেষে ইউনিসেফ স্মরণ করিয়ে দেয়, ঘরে-বাইরে, সমাজে কিংবা বিদ্যালয়ে- প্রতিটি শিশুর নিরাপদে বেড়ে ওঠা তার জন্মগত অধিকার। পাশাপাশি গণমাধ্যম বা জনসমক্ষে শিশুদের উপস্থাপনের ক্ষেত্রেও তাদের সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা সবার দায়িত্ব।

 

পি ডি/ এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #শিশু নির্যাতন #ইউনিসেফ #বাংলাদেশ