আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন,আগামী ৭২ ঘণ্টার মধ্যে শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার ডিএনএ রিপোর্ট পাওয়া গেলে পবিত্র ঈদুল আজহার আগেই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে। আর ঈদের পরপরই মামলার বিচার কার্যক্রম শুরু হবে।
শনিবার (২৩ মে) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার অডিটোরিয়ামে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদফতর ও ব্র্যাকের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া অভিযোগপত্র দাখিল করলে পরবর্তীতে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা থাকতে পারে। তাই ডিএনএ রিপোর্ট হাতে পাওয়ার পরপরই পুলিশ চার্জশিট দাখিল করবে।
এ ধরনের মামলার আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন উচ্চ আদালতে (ডেথ রেফারেন্স) প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার প্রসঙ্গ তিনি বলেন, বিচারিক আদালতে মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর অনুমোদনের জন্য মামলাটি হাইকোর্টে পাঠানো হয়। তবে এ সময় পেপার বুক বা মামলার বৃত্তান্ত প্রস্তুত করতে দীর্ঘ সময় লেগে যায়, যার কারণে চূড়ান্ত রায় পেতে বিলম্ব হয়।
তিনি আরও বলেন, এই প্রক্রিয়াটি কীভাবে আরও দ্রুত ও সহজ করা যায়, সে বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে।
আই/এ