দেশজুড়ে

চালকের ভুল আর যাত্রীদের অসচেতনতার কারনে ১৫ জনের মৃত্যু; সড়ক পরিবহন মন্ত্রী

বায়ান্ন প্রতিবেদক

ছবি: সংগৃহীত ছবি

চালকের ভুল এবং যাত্রীদের অসচেতনতার কারনেই টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এমন তথ্য জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (২৫ মে) দুপুরে রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। 

আজ সোমবার ভোরে যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সরাতৈল এলাকায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এসময় ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহত হন কয়েকজন। ট্রাকটিতে রডের ওপর ত্রিপল বিছিয়ে যাত্রী পরিবহন করা হচ্ছিল।

এ ব্যাপারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, চালকের ভুলে এই দুর্ঘটনা ঘটেছে। আহত কয়েকজন যাত্রীর বরাত দিয়ে তিনি আরো বলেন, তারা ট্রাক চালককে সাবধান করেছিলেন। কিন্তু চালক তা আমলে নেননি। তিনি (চালক) একটু তন্দ্রার মতো ছিলেন।

শেখ রবিউল আলম জানান, বিষয়টি নিয়ে তিনি সেতু সচিবের সঙ্গে কথা বলেছেন। তিনি জেনেছেন এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।

মন্ত্রী বলেন, পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন আইনত নিষিদ্ধ। অনেক সময় যাত্রীরা ঝুঁকি নিয়ে এসব যানবাহনে চড়েন। কালিহাতীর এ দুর্ঘটনায় যাত্রীদের সচেতনতার অভাব ছিল। রডবোঝাই ট্রাকে ২৫-২৬ জন যাত্রী উঠে পড়েন। অনাকাঙ্ক্ষিতভাবে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনা সড়ক ব্যবস্থাপনার সঙ্গে খুব একটা যুক্ত ছিল না। তবে ঘটনায় সরকার ব্যথিত হয়েছে।  

সড়কে মনিটরিং ব্যবস্থার সম্পর্কে মন্ত্রী বলেন, ‘মনিটরিং আছে। হাইওয়ে পুলিশ দেখে,ভোররাতে একটা বোঝাই ট্রাকে যদি এ রকমভাবে যাত্রীরা অসচেতন হয়ে উঠে যান এবং তারপর যদি ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, এ রকম জায়গায় তো এইটা দায়িত্ব আমাদের আছে। কিন্তু নিয়ন্ত্রণ করাটা বাস্তবিকভাবে কীভাবে সম্ভব হয়, সেটা বিবেচনার দাবি রাখে।’

এসময় যাত্রী পরিবহনের জন্য নির্ধারিত নয়, এমন যানবাহনে না উঠতে যাত্রীদের প্রতি আহ্বান জানান শেখ রবিউল আলম। বলেন, ‘যাত্রীদের আমি সব সময় বলছি, আমরা এখনো বলছি যে বোঝাই ট্রাক, ওপেন ট্রাক যেটা যাত্রীবাহীর জন্য নির্ধারিত নয়, সেই জায়গায়, সেই সব যানে যাত্রীদের ওঠা থেকে বিরত থাকা উচিত।'

 

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন #শেখ রবিউল আলম #ট্রাক উল্টে