রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মঙ্গলবার (২৬ মে) ভূমিকম্প অনুভূত হয়েছে। বেলা পৌনে ১২টার দিকে এ কম্পন অনুভূত হয় বলে জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ময়মনসিংহের ভালুকা।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক রুবাইয়াৎ কবীর গণমাধ্যমকে জানান, ভূমিকম্পটি রেকর্ড করা হয় বেলা ১১টা ৪১ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪। তিনি এটিকে স্বল্পমাত্রার ভূমিকম্প হিসেবে উল্লেখ করে বলেন, এতে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই।
তবে স্বল্পমাত্রার হলেও রাজধানীর বিভিন্ন স্থানে এটি অনুভূত হয়েছে।
রাজধানীর দক্ষিণ গোরান এলাকার এক নারী বায়ান্ন টিভিকে জানান, হঠাৎ মাথা হালকা ঘুরে যাওয়া এবং মোবাইলে অ্যালার্ট পাওয়ার পর তিনি ভূমিকম্প টের পান।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থান করছে। দেশটি তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে থাকায় এখানে মাঝেমধ্যেই ভূমিকম্প ঘটে, যা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ধরা হয়।
তবে সাম্প্রতিক সময়ে দেশের অভ্যন্তরে ভূমিকম্পের উৎপত্তির প্রবণতা বেড়ে যাওয়াকে কিছুটা উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলেও ভূমিকম্পের ঘটনা বাড়ছে বলে তারা উল্লেখ করেছেন।
এসি//