ভোলার চরফ্যাশন উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের আলম মৎস্যঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত সজিব (২৫) ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সামছল হকের ছেলে। তিনি পেশায় জেলে ছিলেন।
নিহতের চাচাতো ভাই আলাউদ্দিন জানান, প্রতিদিনের মতো সকালে মাছ ধরতে নদীতে যান সজিব। হঠাৎ আকাশে বৃষ্টি শুরু হলে একপর্যায়ে বিকট শব্দে বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। সঙ্গে থাকা অন্য জেলেরা দ্রুত তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শফিকুল ইসলাম শাওন জানান, হাসপাতালে আনার আগেই সজিবের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, ঘটনার খবর পাওয়া গেছে। মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসি//