হজের সবচেয়ে পবিত্র ও আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ পর্ব আরাফাতের ময়দানে এবার সমবেত হয়েছেন প্রায় ১৬ লাখেরও বেশি হাজি। মঙ্গলবার (২৬ মে) ভোর থেকেই তারা মিনা থেকে হেঁটে আরাফাতের দিকে যাত্রা শুরু করেন এবং ধীরে ধীরে পবিত্র এই ময়দানে এসে পৌঁছান। আল্লাহর কাছে ক্ষমা ও কল্যাণ কামনায় অশ্রুসিক্ত নয়নে প্রার্থনায় মগ্ন রয়েছেন তারা।
ইসলামি বিধান অনুযায়ী, আরাফাতের ময়দানে অবস্থান, ইবাদত-বন্দেগি ও খুতবা শ্রবণকে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত পর্ব হিসেবে ধরা হয়। এই অবস্থানকে বলা হয় ‘উকুফে আরাফা’। নবী করিম (সা.) এই পর্বের গুরুত্ব বোঝাতে বলেছেন, “হজই হলো আরাফাহ।”
আরাফাতের দিনকে ইসলামে বছরের অন্যতম পবিত্র দিন হিসেবে গণ্য করা হয়। এটি মুসলমানদের জন্য আল্লাহর রহমত প্রাপ্তি এবং গুনাহ মাফের বিশেষ সুযোগের দিন হিসেবে বিবেচিত।
ইতিহাস অনুযায়ী, ৬৩২ খ্রিস্টাব্দে এই আরাফাতের ময়দানেই বিদায় হজ পালন করেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। ‘রহমতের পাহাড়’ হিসেবে পরিচিত 'জাবালে রহমত'-র পাদদেশে তিনি বিদায় হজের ঐতিহাসিক ভাষণ প্রদান করেন, যেখানে ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়।

আজ দুপুরে পবিত্র হজের খুতবা প্রদান করা হবে। এরপর হাজিরা নবী করিম (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। সারাদিন তারা তালবিয়া ও তাকবির পাঠ, জিকির এবং দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনায় সময় কাটাবেন।
মক্কার প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত আরাফাত হলো একটি উন্মুক্ত সমভূমি, যার কেন্দ্রে রয়েছে জাবাল আল-রাহমা বা রহমতের পাহাড়। সেখানে বহু হজযাত্রী আল্লাহর রহমতের আশায় দোয়া মোনাজাত করতে জড়ো হন। ইসলামের ইতিহাস অনুসারে, পৃথিবীতে আসার পর এই স্থানে আদি পিতা আদম (আ.) ও আদিমাতা হাওয়া (আ.) এর পুনর্মিলন ঘটে। বিশ্বজুড়ে মুসলমানদের কাছে এটির গভীর তাৎপর্য রয়েছে।
হজযাত্রীদের নিরাপত্তা ও চলাচল নির্বিঘ্ন করতে সৌদি সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ভিড় নিয়ন্ত্রণ, চিকিৎসা সেবা, পরিবহন ও জরুরি সহায়তার জন্য বিভিন্ন ইউনিট মাঠে কাজ করছে। একই সঙ্গে তীব্র গরমের কারণে স্বাস্থ্যকর্মীরা হাজিদের পর্যাপ্ত পানি পান এবং দীর্ঘ সময় সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন।
দিনশেষে সূর্যাস্তের পর হাজিরা আরাফাত থেকে মুজদালিফার উদ্দেশে রওনা হবেন। সেখানে তাঁরা রাতযাপন করবেন এবং মাগরিব ও এশার নামাজ আদায় করবেন।
সূত্র: আরব নিউজ
এসি//