পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে না এবং এবারের ঈদযাত্রায় মানুষ তুলনামূলক স্বস্তিতে বাড়ি ফিরছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (২৬ মে) রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যাত্রীর তুলনায় পরিবহনের সংখ্যা কিছুটা কম থাকায় নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা তৈরি হয়েছে। পাশাপাশি অনেক যাত্রী চলন্ত বাসে ওঠার চেষ্টা করেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, যাত্রীদের মধ্যে এমন একটি অভ্যাস রয়েছে যেখানে তারা চলন্ত অবস্থায় গাড়িতে ওঠার চেষ্টা করেন। কেউ সচেতনভাবে অভিযোগ করলে সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
সড়ক পরিবহন মন্ত্রী অভিযোগ করেন, কোথাও কোথাও সড়কের ওপর পশুর হাট বসেছে। কিছু হাটে পশু ও মানুষের ভিড় বেশি থাকায় সড়ক পর্যন্ত কার্যক্রম ছড়িয়ে পড়ছে, যা ঈদযাত্রায় বাধা সৃষ্টি করছে।
তিনি বলেন, পশু বেচাকেনা এবং ঈদযাত্রা—দুই প্রক্রিয়াই নিরাপদ রাখতে হবে। তবে দুর্ঘটনা রোধে সরকারের কিছু সীমাবদ্ধতাও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে যাত্রীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কিছু যাত্রী এখনো জীবনের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না। তবে এবার আগের যেকোনো সময়ের তুলনায় নির্দিষ্ট ভাড়ায় এবং তুলনামূলক স্বস্তিতেই মানুষ বাড়ি যাচ্ছে বলেও তিনি জানান।
এসি//