শিক্ষিকা ও ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে জুতাপেটা করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। অভিযুক্ত আলী আজম সাব্বির বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার এনসিপি সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য ছিলেন।
গত শুক্রবার (২৯ মে) রাতে এ ঘটনায় এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে অব্যাহতি ও শোকজ করা হয়।
জানা গেছে, সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। কিছুদিন যাবৎ কয়েকজন নারী প্রশিক্ষণার্থী ও শিক্ষিকার মোবাইল ফোনে আপত্তিকর বার্তা পাঠানোর পাশাপাশি অশালীন আচরণ করতেন সাব্বির।
পরে গত ২৪ মে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে টিটিসির অধ্যক্ষের কক্ষে কক্ষে আটকে রাখেন এবং একজন ভুক্তভোগী সাব্বিরকে জুতাপেটা করলে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ড্রাইভিং প্রশিক্ষক (টিটিসি) রাশেদুল হাসান বলেন, নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশোভন আচরণের পর জুতাপেটা করার ঘটনাটি ঘটে। অভিযুক্ত সাব্বির লিখিতভাবে নিজের দোষ স্বীকার করে ভবিষ্যতে আর এমন কাজ করবেন না মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পান।
এমন ঘটনায় নারী শিক্ষার্থী ও শিক্ষিকাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে তাকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার দাবি পাশাপাশি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, অভিযোগ তাদের নজরে আসার পরপরই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে সংগঠনের সব দায়িত্ব থেকে অব্যাহতি ও শোকজ করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে জেলা এনপিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ ও সদস্য সচিব সুলতান মাহমুদের কাছে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়।
আর/আই