পবিত্র হজ মৌসুম শেষ হওয়ার পর আবারও ওমরাহ ভিসা প্রদান কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (৩১ মে) থেকে ১৪৪৮ হিজরি সালের নতুন ওমরাহ মৌসুমের ভিসা আবেদন গ্রহণ ও ইস্যু কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, বিশ্বের বিভিন্ন দেশের ওমরাহযাত্রীরা এখন থেকে সৌদি আরবে প্রবেশের অনুমতি পাচ্ছেন। ওমরাহ পালনকারীরা সৌদি সরকারের অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশের অনুমতিপত্র, ওমরাহ পারমিট এবং প্রয়োজনীয় অন্যান্য সেবা গ্রহণ করতে পারবেন।
একীভূত এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে হোটেল বুকিংসহ ওমরাহ-সংক্রান্ত বিভিন্ন অনুমোদন ও সেবা সহজেই পাওয়া যাবে। সাম্প্রতিক বছরগুলোতে ওমরাহ ব্যবস্থাপনাকে আরও সহজ, দ্রুত এবং প্রযুক্তিনির্ভর করতে ডিজিটাল সেবার পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে সৌদি কর্তৃপক্ষ।
মন্ত্রণালয় জানিয়েছে, নতুন মৌসুমে ওমরাহ ভিসা ইস্যুর শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৯ মার্চ ২০২৭, যা ১ শাওয়াল ১৪৪৮ হিজরির সমতুল্য। তবে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকবে ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত।
সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ কর্মসূচির আওতায় হজ ও ওমরাহ সেবার আধুনিকায়নের অংশ হিসেবে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ইলেকট্রনিক পারমিট ব্যবস্থা, স্বয়ংক্রিয় চুক্তি প্রক্রিয়া, কিউআর কোডভিত্তিক যাচাইকরণ এবং পরিবহন ও আবাসন অবকাঠামোর সম্প্রসারণ।
কর্তৃপক্ষের আশা, নতুন ওমরাহ মৌসুমে আরও বেশি সংখ্যক মুসল্লি আধুনিক, নিরাপদ ও সহজ ব্যবস্থাপনার মাধ্যমে ওমরাহ পালনের সুযোগ পাবেন।