ফুটবল

বিশ্বকাপ নিয়ে ফিফার ‘শেষ মুহূর্তের গোল’

স্পোর্টস ডেস্ক

আর মাত্র কয়েক দিন। তারপরই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকার মাঠে গড়াবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর- ফিফা ফুটবল বিশ্বকাপ। কিন্তু টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে ভারতের কোটি কোটি ফুটবলপ্রেমীর মনে ছিল একটি বড় প্রশ্ন—বিশ্বকাপ দেখা যাবে কোথায়?

অবশেষে সেই অনিশ্চয়তার অবসান ঘটিয়েছে ফিফা। বিশ্বকাপ শুরুর মাত্র ১০ দিন আগে ভারতের সম্প্রচারস্বত্ব নিয়ে জি এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তি করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

দীর্ঘ কয়েক মাস ধরে ভারতের মতো বিশাল বাজারে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব বিক্রি করতে হিমশিম খেতে হয়েছে ফিফাকে। শুরুতে ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপের জন্য প্রায় ১০ কোটি মার্কিন ডলার মূল্য চাওয়া হলেও পরে তা কমিয়ে ৬ কোটি ডলারে নামিয়ে আনা হয়। তবে শেষ পর্যন্ত কোন অঙ্কে চুক্তি হয়েছে, তা প্রকাশ করা হয়নি।

এই চুক্তি জি এন্টারটেইনমেন্টের জন্যও বড় অর্জন। কারণ ভারতের ক্রীড়া সম্প্রচার বাজারে বর্তমানে শক্তিশালী আধিপত্য রয়েছে জিওস্টারের। আইপিএল ক্রিকেট, ইংলিশ প্রিমিয়ার লিগসহ একাধিক জনপ্রিয় ক্রীড়া ইভেন্টের সম্প্রচারস্বত্ব তাদের হাতে রয়েছে। সেই বাজারে নিজেদের অবস্থান শক্ত করার সুযোগ পেল জি।

এর আগে ২০২২ কাতার বিশ্বকাপ সম্প্রচার করেছিল ভায়াকম১৮, যা বর্তমানে জিওস্টারের অংশ। জানা গেছে, এবার তারা প্রায় ২ কোটি ডলারের প্রস্তাব দিলেও তা গ্রহণ করেনি ফিফা। অন্যদিকে ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপ সম্প্রচারকারী সোনিও আলোচনায় অংশ নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দরপত্র জমা দেয়নি।

বিশ্লেষকদের মতে, এবারের বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব বিক্রি জটিল হয়ে ওঠার অন্যতম কারণ সময়ের পার্থক্য। উত্তর আমেরিকায় আয়োজিত হওয়ায় বেশিরভাগ ম্যাচই ভারতে গভীর রাতে সম্প্রচার হবে। ফলে বিজ্ঞাপন ও দর্শকসংখ্যা নিয়ে সম্প্রচারকারীদের মধ্যে কিছুটা অনাগ্রহ দেখা দেয়।

তবে শেষ পর্যন্ত সেই জট কাটায় স্বস্তি ফিরেছে ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে। বিশ্বকাপের রোমাঞ্চ থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা আর নেই।

চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এটি শুধু ২০২৬ বিশ্বকাপেই সীমাবদ্ধ নয়। ফিফা ও জির যৌথ ঘোষণায় জানানো হয়েছে, ২০৩৪ সাল পর্যন্ত আট বছরে মোট ৩৯টি ফিফা প্রতিযোগিতার সম্প্রচার করবে জি। এর মধ্যে রয়েছে ২০২৭ নারী ফুটবল বিশ্বকাপও।

বিশ্বকাপের কাউন্টডাউন যখন শেষ মুহূর্তে, তখন ভারতের সম্প্রচারস্বত্ব নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার নাটকীয় সমাপ্তি ফুটবল দুনিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন অপেক্ষা কেবল মাঠে ফুটবল উৎসব শুরুর।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারত #ফিফা #ফুটবল বিশ্বকাপ