২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগেই সম্ভাব্য চ্যাম্পিয়ন দলের পূর্বাভাস প্রকাশ করেছে অপটা সুপারকম্পিউটার। ১০ হাজারবার টুর্নামেন্টের সিমুলেশন চালিয়ে তৈরি করা এই পূর্বাভাসে শিরোপার সবচেয়ে বড় দাবিদার হিসেবে উঠে এসেছে স্পেনের নাম।
অপটার হিসাব অনুযায়ী, ১৬ দশমিক ১ শতাংশ ক্ষেত্রে বিশ্বকাপ জিতেছে স্পেন, যা অংশগ্রহণকারী ৪৮ দলের মধ্যে সর্বোচ্চ। শিরোপা সম্ভাবনার তালিকায় তাদের পরেই রয়েছে ফ্রান্স, ইংল্যান্ড এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফ্রান্সের সম্ভাবনা ১৩ শতাংশ, ইংল্যান্ডের ১১ দশমিক ২ শতাংশ এবং আর্জেন্টিনার ১০ দশমিক ৪ শতাংশ।
বিশ্লেষণে দেখা গেছে, স্পেনই একমাত্র দল যারা ৫০ শতাংশের বেশি সিমুলেশনে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। দলটি ৫২ দশমিক ১ শতাংশ ক্ষেত্রে শেষ আটে, ৩৯ শতাংশ ক্ষেত্রে সেমিফাইনালে এবং ২৫ দশমিক ৬ শতাংশ ক্ষেত্রে ফাইনালে উঠেছে।
‘এইচ’ গ্রুপে থাকা স্পেনের সঙ্গে রয়েছে উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দে। তুলনামূলক সহজ গ্রুপ পাওয়ায় ৭৫ দশমিক ৩ শতাংশ সিমুলেশনে স্পেনকে গ্রুপসেরা হিসেবে দেখিয়েছে সুপারকম্পিউটার।
স্পেনের শক্তির বড় অংশ জুড়ে রয়েছেন তরুণ তারকা লামিনে ইয়ামালের নাম। যদিও হ্যামস্ট্রিং চোটের কারণে তার ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে, তবুও সাম্প্রতিক মৌসুমে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। এছাড়া অধিনায়ক রদ্রি, ফেরান তোরেস, মিকেল ওয়ারসাবাল এবং মিকেল মেরিনোও দলের গুরুত্বপূর্ণ ভরসা।
ইউরো ২০২৪ জয়ের পর থেকে ধারাবাহিকভাবে ভালো খেলছে স্পেন। তারা উয়েফা নেশনস লিগের ফাইনালে উঠেছিল এবং বিশ্বকাপ বাছাইপর্বেও ছিল অপরাজিত।
তবে বিশ্বকাপের ইতিহাসে স্পেনের সাফল্য তুলনামূলক সীমিত। ২০১০ সালে প্রথমবারের মতো শিরোপা জয়ের পাশাপাশি গত ১৪টি অংশগ্রহণে তারা মাত্র একবার সেমিফাইনালে উঠতে পেরেছে।
অন্যদিকে, যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার শিরোপা জয়ের সম্ভাবনা খুবই কম বলে মনে করছে অপটা। এছাড়া ১০ হাজার সিমুলেশনের মধ্যে মাত্র ৩৫ দশমিক ৯ শতাংশ ক্ষেত্রে এমন কোনো দল বিশ্বকাপ জিতেছে, যারা আগে কখনও বিশ্বচ্যাম্পিয়ন হয়নি।
আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে।