যশোরের বেনাপোল সীমান্তে অবৈধ পুশইনকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনার তৈরি হয়েছে। সীমান্তের শূন্যরেখায় গত তিনদিন ধরে বেশ কয়েকজন মানুষ আটকে আছে। তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে বিএসএফ। তবে আটকে থাকা ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক এমন কোনো গ্রহণযোগ্য প্রমাণপত্র না পাওয়ায় তাদের গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার (২ জুন) দুপুরে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিএসএফ যদি প্রচলিত নিয়ম ও দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ করে কাউকে ফেরত পাঠায়, তাহলে যাচাই-বাছাই শেষে তাদের গ্রহণ করা হবে। কিন্তু কোনো নিয়ম-নীতি না মেনে জোরপূর্বক কাউকে বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা মেনে নেয়া হবে না। সীমান্তে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ না ঘটে, সে জন্য অতিরিক্ত জনবল মোতায়েনসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জানা গেছে, বর্তমানে সীমান্তের ভারতীয় অংশে আরও শতাধিক মানুষকে অবস্থান করিয়ে রাখা হয়েছে।
বর্তমানে সীমান্তের পরিস্থিতি থমথমে হলেও উভয়দেশের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় নজরদারি অব্যাহত রাখা হয়েছে।
আই/এ