দীর্ঘ প্রতীক্ষার পর আবারও বিশ্বকাপ মঞ্চে ফিরছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপের জন্য ঘোষিত চূড়ান্ত দলে জায়গা পাওয়ার পর সতীর্থদের সঙ্গে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
গেল ১৯ মে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন। সেই তালিকায় নিজের নাম দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন নেইমার। ২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে খেলেছিলেন তিনি। দীর্ঘ চোট কাটিয়ে মাঠে ফিরলেও জাতীয় দলে তার প্রত্যাবর্তন নিয়ে ছিল অনিশ্চয়তা।
নতুন একটি চোট নিয়েই বিশ্বকাপ অভিযানে যোগ দিয়েছেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। তবে চোট কাটিয়ে মাঠে ফেরার নির্দিষ্ট সময় এখনো জানা যায়নি।
বিশ্বকাপগামী বিমানে সতীর্থদের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন নেইমার। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “সবাই একসাথে” ছবিতে ব্রাজিল ফুটবল ফেডারেশনের জাদুঘরে থাকা একটি বিশ্বকাপ ট্রফির ছবিও যুক্ত করেন তিনি।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার রাতে নিউজার্সির উদ্দেশে যাত্রা করে ব্রাজিল দল। তবে বিমানে ছিলেন ২৩ জন ফুটবলার। বাকি তিনজন পরে দলের সঙ্গে যোগ দেবেন।
বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে ব্রাজিল। রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে পানামাকে ৬-২ গোলে হারায় সেলেসাওরা।
তবে সেই ম্যাচে মাঠে নামতে পারেননি নেইমার। তবুও স্টেডিয়ামে উপস্থিত সমর্থকেরা তার নাম ধরে স্লোগান দেন। পরে বিমানবন্দরেও প্রিয় তারকাদের এক নজর দেখতে ভিড় করেন ভক্তরা।
এমএ//