আবহাওয়া

বিকেল ৬টার মধ্যে ৬ অঞ্চলে তীব্র ঝড়ের আভাস

ছবি: ফাইল ছবি

বিকেলের মধ্যে দেশের ছয় অঞ্চলে বজ্রসহ তীব্র ঝড়ের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

শনিবার (০৬ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সই করা সকাল ১১টা ৫০মিনিট থেকে বিকেল ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া বার্তায় জানানো হয়, আজ বিকেল ৬টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া এবং ফরিদপুর অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম থেকে ঘন্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ০২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া,  রংপুর, দিনাজপুর, খুলনা, বরিশাল, টাংগাইল, ঢাকা, ময়মনসিংহ এবং মাদারীপুর অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

এদিকে শনিবার সকাল ৯টা থেকে দেওয়া আবহাওয়া বার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ঝড় #ঝড়ের আভাস