যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শক্তিশালী ঝড়ের প্রভাব কমতে শুরু করলেও স্বাভাবিক হয়নি জনজীবন। প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও উপকূলীয় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনো চার লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন। ঝড়ের কারণে ব্যাহত হয়েছে বিমান চলাচল। পিছিয়ে দেওয়া হয়েছে নিউইয়র্কের ঐতিহ্যবাহী থ্যাংকসগিভিং দিবসের কুচকাওয়াজও।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং দিবসের ছুটির মধ্যে শক্তিশালী ঝড় আঘাত হানে। এতে দেশটির পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও প্রবল বাতাস বয়ে যায়। কোথাও কোথাও দেখা দেয় উপকূলীয় বন্যা। ঝড়ে গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুতের লাইন।
বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডট ইউএসের তথ্য অনুযায়ী, ঝড়ের সময় একপর্যায়ে প্রায় ৯ লাখ ৬১ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলেও চার লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পেনসিলভানিয়া, নিউ জার্সি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়ার বিভিন্ন এলাকা।
ঝড়ের প্রভাবে বিমান চলাচলেও বিঘ্ন ঘটে।
উড়োজাহাজ চলাচলের তথ্য পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ২ হাজার ৮৯৩টি ফ্লাইট বিলম্বিত হয়। এ ছাড়া বাতিল করা হয় ১৫১টি ফ্লাইট।
প্রবল বাতাস ও বৃষ্টির কারণে নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাসিস থ্যাংকসগিভিং দিবসের কুচকাওয়াজের আয়োজনও পিছিয়ে দেওয়া হয়। বাতাসে বিশাল বেলুন ও অন্যান্য আয়োজন ঝুঁকির মুখে পড়তে পারে—এমন আশঙ্কায় নির্ধারিত সময়ের পরিবর্তে শনিবার কুচকাওয়াজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় ভারী তুষারপাত হয়েছে। মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে প্রায় ৭ দশমিক ৩ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। এতে সড়ক যোগাযোগও ব্যাহত হয়।
ঝড়ের প্রভাব কমতে শুরু করলেও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক করতে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মীরা।
সূত্র: রয়টার্স, সিবিএস
এসি//