ভারত থেকে সম্ভাব্য পুশইন প্রতিরোধে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে বিজিবির পাশাপাশি আনসার সদস্যরাও টহলে অংশ নিচ্ছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে সতর্ক রয়েছেন স্থানীয় বাসিন্দারাও।
সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার (০৯ জুন) সন্ধ্যা থেকে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ফুলবাড়ী উপজেলার ৩৬ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন বা চোরাচালানের চেষ্টা রুখতে মাঠপর্যায়ে বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকার মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। অপরিচিত ব্যক্তি, সন্দেহজনক চলাচল বা অস্বাভাবিক কোনো তৎপরতা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানানোর অনুরোধ করা হচ্ছে। স্থানীয়রাও জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে প্রস্তুত।
ফুলবাড়ী উপজেলা আনসার ব্যাটালিয়নের সহকারী কর্মকর্তা মোছা. নুর নাহার জানান, উপজেলার ছয়টি বিজিবি ক্যাম্পে মঙ্গলবার সন্ধ্যা থেকে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রতিটি ক্যাম্পে ১২ জন করে আনসার সদস্য বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার প্রদীপ কুমার ভৌমিক বলেন, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সম্ভাব্য পুশইন ঠেকাতে স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করছেন।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে প্রতিটি ক্যাম্প এলাকায় ১২ জন করে আনসার সদস্য বিজিবির সঙ্গে যৌথ টহলে যুক্ত হয়েছেন। এখন পর্যন্ত ফুলবাড়ী সীমান্তে কোনো পুশইনের ঘটনা ঘটেনি। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে।
এমএ//