জাতীয়

আজ কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি

দিনব্যাপী সফরে আজ শনিবার (১৩ জুন) কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি, রাজনৈতিক জনসভা এবং সুধী সমাবেশে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে পর্যটন নগরী কক্সবাজারে উৎসবের আবহ তৈরি হয়েছে। জেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর এবং বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। তবে দলীয়ভাবে তোরণ নির্মাণ না করার নির্দেশনা থাকায় জনসমাগমের মধ্য দিয়েই প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখান থেকে তিনি যাবেন সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে। সেখানে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং এ উপলক্ষে আয়োজিত পথসভায় বক্তব্য দেবেন।

এরপর প্রধানমন্ত্রী ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন। পরে মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

সফরের অংশ হিসেবে গণ-অভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত রাজনৈতিক জনসভায় যোগ দেবেন তিনি।

পরবর্তী কর্মসূচিতে প্রধানমন্ত্রী মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত এলাকা পরিদর্শন করবেন। এ ছাড়া নবগঠিত পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। রাতে কক্সবাজার শহরের লং বিচ হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন তিনি। কর্মসূচি শেষে রাতেই কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে শুক্রবারই কক্সবাজারে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ ছয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। তাদের মধ্যে রয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

কক্সবাজারে পৌঁছে তারা বিমানবন্দর উন্নয়ন প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে প্রধানমন্ত্রীর সফরসূচিতে থাকা বিভিন্ন প্রকল্প এলাকা, বৃক্ষরোপণ কর্মসূচির স্থান, জনসভার মাঠ এবং সুধী সমাবেশের ভেন্যু পরিদর্শন করেন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #কক্সবাজার #প্রধানমন্ত্রী