কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে গাছের চারা রোপণের মধ্য দিয়ে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন) দুপুরে তিনি স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সাথে নিয়ে সাফারি পার্ক পরিদর্শন শেষে তিনি নিজ হাতে গাছের চারা রোপণ করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। তিনি বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে খাল খনন কর্মসূচির স্থানে যান। তার পাশের আসনে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাড়িতে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী হাসিনা আহমদ। পরে সেখান থেকে আবারও নিজে গাড়ি চালিয়ে তিনি পৌঁছান ডুলাহাজারা সাফারি পার্কে।
পুরো পথজুড়ে স্থানীয় হাজারো মানুষ ও দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে ফুল ছিটিয়ে এবং হাত নেড়ে অভ্যর্থনা জানান।
একদিনের সফরে শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। সকাল ১০ টায় ভিআইপি গেট দিয়ে বের হন। এ সময় টানা বৃষ্টির মধ্যেও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সফরকে কেন্দ্র করে সকাল থেকেই কক্সবাজার শহরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিমানবন্দর সড়ক, হলিডে মোড়, কলাতলী, সুগন্ধা পয়েন্ট, বাস টার্মিনাল ও লিংক রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয় এবং সাধারণ যান চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়। শুধু নিরাপত্তা বাহিনী, সরকারি অতিথি ও দলীয় নেতাকর্মীদের গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়।
পি/ডি