দীর্ঘ ৩৬ বছরের জয়ের খরা কাটিয়ে বিশ্বকাপে আবারও বিজয়ের হাসি হাসল স্কটল্যান্ড। ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরে স্কটিশরা ৫২ বছর পর আসরে ফেরা হাইতিকে হারিয়ে জয় তুলে নিয়েছে।
বাংলাদেশ সময় রোববার (১৪জুন) ভোরে অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়েছে তারা। এর আগে স্কটল্যান্ড বিশ্বকাপে সবশেষ জয়ের দেখা পেয়েছিল ১৯৯০ সালে, সুইডেনের বিপক্ষে। এরপর কেটে গেছে দীর্ঘ ৩৬টি বছর।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবরো স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে স্কটল্যান্ড। কোচ স্টিভ ক্লার্কের শিষ্যরা একের পর এক আক্রমণ করলেও হাইতির রক্ষণভাগ ভেদ করতে পারছিল না। ম্যাচের ২৮ মিনিটে অধিনায়ক জন ম্যাকগিনের গোলে এগিয়ে যায় স্কটল্যান্ড। ডান প্রান্তের ক্রস থেকে বক্সের ভেতর তৈরি হওয়া জটলা কাজে লাগিয়ে দুর্দান্ত শটে জাল খুঁজে নেন তিনি, উল্লাসে মাতে স্কটিশ সমর্থকেরা।
গোল হজমের পর থেকেই সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে হাইতি। দ্বিতীয়ার্ধে হাইতি কয়েকটি বিপজ্জনক আক্রমণ গড়লেও স্কটল্যান্ডের রক্ষণভাগ ছিল অটল। ম্যাচের ৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন ম্যাকগিন। বক্সের ভেতর ফাঁকা জায়গা থেকে নেওয়া তার শট অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়।
ম্যাচের ৮০তম মিনিটে সমতায় ফেরার সবচেয়ে বড় সুযোগ পায় হাইতি। ডান দিক থেকে আসা ক্রসে প্রায় ফাঁকায় হেড করেছিলেন পিয়েরো, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ায় হতাশ হতে হয় ক্যারিবীয় দলটিকে।
শেষ পর্যন্ত এক গোলের লিড ধরে রেখে জয় নিশ্চিত করে স্কটল্যান্ড। এর মাধ্যমে ১৯৯০ বিশ্বকাপে সুইডেনকে হারানোর পর প্রথমবারের মতো বিশ্বকাপে জয়ের স্বাদ পেল স্কটিশরা। ১৯৯৮ বিশ্বকাপে অংশ নিলেও সে আসরে কোনো ম্যাচ জিততে পারেনি তারা। অবশেষে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের মঞ্চে জয়ের স্বাদ পেলো স্কটল্যান্ড।
পি/ডি