ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণের দায়ে জরিমানার ঘটনাকে কেন্দ্র করে স্টেশন মাস্টারের ওপর হামলা এবং সরকারি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপকূল এক্সপ্রেস ট্রেন কসবা স্টেশনে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে। আটক সুমন মিয়া জেলার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা।
রেলওয়ে ও পুলিশ সূত্র জানায়, টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করায় ট্রেনের টিকিট পরীক্ষক (টিটিই) সুমন মিয়াকে ১০০ টাকা জরিমানা করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি স্টেশনে নেমে জরিমানার বিষয়ে স্টেশন মাস্টারের কাছে ব্যাখ্যা দাবি করেন।
অভিযোগ অনুযায়ী, কথা কাটাকাটির একপর্যায়ে তিনি স্টেশন মাস্টার মোহাম্মদ শফিকুর রহমানের ওপর চড়াও হন। পাশাপাশি স্টেশনের অ্যানাউন্সমেন্ট সিস্টেম, কম্পিউটার, মাউস, টেলিফোন, ওয়াকিটকি এবং অন্যান্য সরকারি সরঞ্জাম ভাঙচুর করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করেন এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করেন।
আহত স্টেশন মাস্টার মোহাম্মদ শফিকুর রহমান জানান, জরিমানার বিষয়টি নিয়ে সুমন মিয়া তার কাছে জবাবদিহি চাইলে তিনি স্পষ্ট করেন যে টিকিট পরীক্ষা ও জরিমানা আদায়ের দায়িত্ব টিটিই এবং রেলওয়ে পুলিশের। এরপরই ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে হামলা ও ভাঙচুর চালান বলে তিনি দাবি করেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ঘটনার পর একজনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস জানিয়েছেন, ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে আটক ব্যক্তি কসবা থানার হেফাজতে রয়েছেন।
এমএ//