দেশজুড়ে

মাদক ব্যবসায়ীদের গুলিতে স্কুলছাত্র আহত, এমপির ক্ষোভ

কুমিল্লা নগরের কাটাবিল এলাকায় মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের গুলিতে আহত হয়েছেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী  ইথান আহম্মেদ প্রেম (১২)এ ঘটনায় ক্ষোভ জানিয়ে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেছেন, আমরা সবাই তাদের (মাদক ব্যবসায়ীদের) কাছে সারেন্ডার করে চলে যাই। আর না হয় কিছু একটা করেন। মাদক ব্যবসায়ী থাকবে, একজন স্কুলছাত্র স্কুলে যেতে পারবে না, তারপর আপনি ওসি থাকবেন, আমি এমপি থাকব এটা ঠিক না।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে কিমিল্লা নগরীর কাটাবিল এলাকায় আহত শিক্ষার্থীর পরিবারের খোঁজ নেয়ার পর এ প্রতিক্রিয়া জানান এমপি মনিরুল হক চৌধুরী

তিনি বলেন, মাদকের প্রতিবাদ করতে গিয়ে একজন স্কুলছাত্র গুলিবিদ্ধ হবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জনগণ আমাকে নির্বাচিত করেছে, তাদের কাছে আমাকে জবাবদিহি করতে হবে।

মনিরুল হক চৌধুরী বলেন, মাদক কারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রয়োজন হলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হবে। এ বিষয়ে ইতোমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।

আহত শিক্ষার্থীর মা সোনিয়া আক্তার বলেন, এলাকায় অপু ও সাব্বির নামের দুই পক্ষের মধ্যে কয়েক দিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার টিফিনের সময় স্কুল থেকে বাড়ি ফেরার পথে তার ছেলে গুলিবিদ্ধ হয়।

গুলি ওই শিক্ষার্থীর পিঠে গুলি লেগে ফুসফুস পর্যন্ত আঘাত করেছে বলে প্রেমের পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে কাটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদকবিরোধী মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা।

আগের দিন রাতে এলাকায় মাদক ব্যবসা নিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী অপুর সঙ্গে প্রতিপক্ষের গোলাগুলি হয়। 

অংশগ্রহণকারীরা জানান, মানববন্ধন চলাকালেই আবারও সংঘর্ষে লিপ্ত হয় দুই পক্ষ। এ সময় অস্ত্রধারী কয়েকজন মাদক কারবারীর  গুলিতেতে ইথান আহম্মেদ প্রেমসহ অন্তত পাঁচ থেকে ছয়জন আহত হন।

এ ঘটনার পরে গতকাল রাতেই সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠক করেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বজলুর রহমান, পাবলিক প্রসিকিউটর কাইমুল হক রিংকুসহ প্রশাসন ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কুমিল্লা #মাদক