রাজধানী

রাজধানীতে ফ্ল্যাট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের একটি ফ্ল্যাট থেকে ডা. ফারাহ ফেরদৌস (৩২) নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) ভবনের ১৪ তলার একটি ফ্ল্যাট থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডা. ফারাহ ফেরদৌস ৩৯তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি বিভাগে ফেজ-বি রেসিডেন্ট হিসেবে প্রশিক্ষণ নিচ্ছিলেন। এর আগে ২০১৭ সালে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

শাহবাগ থানা সূত্রে জানা গেছে, ডা. ফারাহ ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার বাসিন্দা। তিনি আব্দুর রশিদ ও ফেরদৌসি রশিদ দম্পতির মেয়ে। ফারাহ রাজধানীর ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #মরদেহ উদ্ধার