সারাদেশের ন্যায় সিলেটেও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ, শৃঙ্খলা এবং নিরাপত্তা বজায় রাখতে তৎপর সিলেট জেলা প্রশাসনা।
সোমবার (৬ জুলাই) সিলেটে এইচএসসি পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তারা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন। ম্যাজিস্ট্রেট হাবিব ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরীক্ষার্থীরা মনোযোগ সহকারে পরীক্ষা দিচ্ছে। তবে অতিরিক্ত গরমের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। এছাড়া কেউ কেউ পরীক্ষার আগের রাতে পর্যাপ্ত ঘুম না হওয়া এবং ঠিকমতো খাবার না খেয়ে পরীক্ষার হলে আসায় অসুস্থ হয়ে পড়ছে।
হাবিব ভূঁইয়া বলেন, পরীক্ষার্থীদের সুস্থ থাকতে পর্যাপ্ত ঘুম, নিয়মিত খাবার গ্রহণ এবং পর্যাপ্ত পানি পান করা জরুরি। এ বিষয়ে তিনি পরীক্ষার্থীদের অভিভাবকদের আরও যত্নশীল ও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন, যাতে শিক্ষার্থীরা সুস্থ ও প্রস্তুত অবস্থায় পরীক্ষায় অংশ নিতে পারে।
জেলা প্রশাসন জানিয়েছে, বিভিন্ন কেন্দ্রে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা চলাকালীন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।
আই/এ