রাজনীতি

জাতির সঙ্গে বিএনপি সরকার গাদ্দারি করছে : নাহিদ ইসলাম

এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনে জয়লাভের পর  বিএনপি সরকার গণভোট এবং জুলাই সনদকে এখন অস্বীকার করছে। জনগণের সঙ্গে প্রতারণা করছে। জাতির সঙ্গে গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা করছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরে জুলাই অভ্যুত্থান স্মরণে পদযাত্রায় অংশ নিয়ে কালীগঞ্জ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে ফেব্রুয়ারিতে। সেই নির্বাচনে দুইটা নির্বাচন ছিল। গণভোট এবং আপনারা এমপিতে ভোট দিয়েছেন। গণভোটে হ্যাঁ এবং না-তে ভোট ছিল। সংস্কারের পক্ষে, অথবা বিপক্ষে। বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ হ্যাঁ-এর পক্ষে ভোট দিয়েছে। কিন্তু বিএনপি এটি অস্বিকার করেছে।

তিনি বলেন, দৈনিক সাত থেকে আট ঘণ্টা করে লোডশেডিং হয়। এই লোডশেডিং সমস্যার সমাধান করতে হবে। এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল তারা বিদ্যুতের সমস্যার সমাধান করবে। কিন্তু বাজেটে আমরা এমন কিছু দেখি নাই। ফলে অবশ্যই ঘরে ঘরে বিদ্যুৎ দিতে হবে এবং দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে হবে।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের এলাকায় মাদক বন্ধ করতে পারে না, সে সারা দেশের মাদক কীভাবে বন্ধ করবে? সে সারা দেশের আইনশৃঙ্খলা কীভাবে ঠিক করবে? সীমান্তে সাধারণ বাংলাদেশিদের হত্যা করছে বিএসএফ। এই সরকার নিজেদেরকে জাতীয়তাবাদী সরকার বলে, কিন্তু সীমান্ত হত্যা বন্ধ করতে পারছে না।

এর আগে বিকেল সাড়ে ৪টায় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে থেকে জুলাই পদযাত্রায় শুরু হয়। পদযত্রা শেষে বাস স্টেশন এলাকায় সমবেত হয়ে বক্তব্য দেন এনসিপির নেতারা।

এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, গাজীপুর জেলা এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নাহিদ ইসলাম