জাতীয় edit this post

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সাথে দীর্ঘ সময় কাটালেন।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীর-এর গ্রীষ্মকালীন মহড়া এলাকা আকস্মিকভাবে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টা ২০ মিনিটে তিনি প্রশিক্ষণস্থলে পৌঁছান এবং বিস্তীর্ণ এলাকা পায়ে হেঁটে ঘুরে দেখেন

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, মহড়া চলাকালে প্রধানমন্ত্রী ফার্ম বেস-এর বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসার (সিও) তাকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের নানা দিক ঘুরে দেখেন। তিনি নিজে সেনা বাঙ্কারে নেমে মহড়ায় অংশ নেওয়া অফিসার ও সদস্যদের সাথে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন।

মহড়ার একপর্যায়ে সেনাসদস্যদের সাথে একাত্ম হয়ে তাদের জন্য প্রস্তুতকৃত খাবার গ্রহণ ও চা পানে অংশ নেন প্রধানমন্ত্রী। দেশের সরকারপ্রধানকে এত দীর্ঘ সময় কাছ থেকে দেখার সুযোগ পেয়ে উপস্থিত মাঠপর্যায়ের সেনাসদস্যরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

 পরে এক দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা ও বিশ্বাস রাখে। জাতীয় সংকট মোকাবেলা ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, সুদৃঢ় শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। সেই সাথে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন

মহড়া পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন তার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী #তারেক রহমান