দেশজুড়ে

চা দোকানের আড়ালে গাঁজা বিক্রি, দোকানি গ্রেপ্তার

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

নোয়াখালীর কবিরহাটে চা দোকানের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগে মো. মহিন উদ্দিন (৩২) নামে এক দোকানিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের সময় তার দোকান থেকে প্রায় ৮০০ গ্রাম গাঁজা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার (৬ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নলুয়া রেহান আলী চৌধুরীহাট বাজারে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেছেন। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, সোমবার রাতে দোকানে তল্লাশি চালিয়ে একটি বাজারের ব্যাগে রাখা কাগজে মোড়ানো ৮০টি গাঁজার রোল উদ্ধার করা হয়। পরে দোকানি মহিন উদ্দিনকে আটক করা হয়। তিনি সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের গোপীবল্লভপুর গ্রামের মো. মোস্তফার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, দীর্ঘদিন ধরে চা দোকানের আড়ালে গোপনে গাঁজা বিক্রি করে আসছিলেন মহিন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই ওই অভিযান পরিচালনা করা হয়।

ঘটনার পর উদ্ধার করা আলামত জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কবিরহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. হাবিবুর রহমান।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।     

  

পি/ডি 

এ সম্পর্কিত আরও পড়ুন #নোয়াখালী #কবিরহাট #গাঁজা