ভারী বৃষ্টিতে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী অংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় এ রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে।
বুধবার (৮ জুলাই) ভোরে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার (৭ জুলাই) রাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে আর যাত্রা না করে পুনরায় ঢাকার পথে ফিরে গেছে। রেললাইন নিরাপদ না হওয়া পর্যন্ত কক্সবাজারগামী কোনো ট্রেন চলাচল করবে না।
অন্যদিকে বুধবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস বর্তমানে চট্টগ্রাম স্টেশনে অপেক্ষমাণ রয়েছে।
যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যারা ভ্রমণ বাতিল করতে চান, তারা চট্টগ্রাম স্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকিটের সম্পূর্ণ ভাড়া ফেরত নিতে পারবেন।
এছাড়া যেসব যাত্রী ঢাকায় ফিরতে ইচ্ছুক, তারা বিকেল ৪টায় একই কক্সবাজার এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন।
প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, রেললাইন থেকে পানি সরে যাওয়ার পর নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।
পি/ডি