চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলাকে বিভক্ত করে ‘ফটিকছড়ি উত্তর’, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলাকে বিভক্ত করে ‘দক্ষিণ গফরগাঁও’ এবং কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গরা’ নামে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ নিকার-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভার সিদ্ধান্তের আলোকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠন করা হয়েছে। ইউনিয়নগুলো হলো— বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল। একই সঙ্গে নতুন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের অফিস সেটআপও অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে নতুন উপজেলা গঠন করা হয়েছে। এসব ইউনিয়ন হলো— মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাংগাব। এ উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অফিস সেটআপ অনুমোদন করা হয়েছে।
অন্যদিকে, কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে ‘বাঙ্গরা’ নামে নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। নতুন উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়নগুলো হলো— শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, পূর্বধৈইর (পূর্ব), পূর্বধৈইর (পশ্চিম), বাঙ্গরা (পূর্ব), বাঙ্গরা (পশ্চিম), চাপিতলা, রামচন্দ্রপুর (উত্তর) এবং টনকী। এ উপজেলার জন্যও বিভিন্ন সরকারি দপ্তরের অফিস সেটআপ অনুমোদন দিয়েছে সরকার।
পি/ডি